তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার ঢাকার উত্তরায় সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। শ্রম আইনের এই ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পান না।
মাহমুদ হাসান খান জানান, বর্তমানে শ্রমিক বিক্ষোভের কারণে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। বিক্ষোভের মুখে মোট ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছিল। রোববার থেকে যেসব কারখানায় স্বাভাবিক উৎপাদন চালু করা সম্ভব হবে না, মালিকপক্ষ চাইলে সেগুলোও আইন অনুযায়ী বন্ধ রাখতে পারবে। এছাড়া আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। তবে কারখানায় বিশৃঙ্খলা চলমান থাকলে সেই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে মালিকপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে বলে জানান বিজিএমইএ সভাপতি।
সূত্র: মানবজমিন








