মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেল থেকে মিলবে ৮০ কিলোওয়াট

প্রকাশ:

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে এবং জ্বালানি সংকট মোকাবিলায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। রোববার জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই সোলার প্যানেল কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাহেব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি নির্দেশনার অংশ হিসেবে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ১২৮টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। উৎপাদিত এই বিদ্যুৎ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে সোলার প্যানেল বসানোর কার্যক্রম চলমান রয়েছে, যা জাতীয় জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখবে।

জনসাধারণকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে উৎসাহ দিয়ে জেলা প্রশাসক আরও জানান, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান সোলার প্যানেল স্থাপন করতে চাইলে প্রশাসন থেকে প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষকে আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।

শেয়ার করুন