স্টারলিংক ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করল ইরান

প্রকাশ:

ইরানের সুপ্রিম ন্যাশনাল সাইবারস্পেস কাউন্সিল স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, শত্রুরা সামরিক নির্দেশনা ও গুপ্তচরবৃত্তির মতো কাজে এই প্রযুক্তি ব্যবহার করছে। কাউন্সিল সচিব মোহাম্মদ আমিন আগামির জানিয়েছেন, স্টারলিংকের সংযোগ বাধাগ্রস্ত করতে তাদের হাতে কার্যকর কারিগরি ব্যবস্থা রয়েছে। ইরানের ভাষ্যমতে, এই স্যাটেলাইট সেবাটি মূলত একটি ‘যুদ্ধের হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

দেশটিতে স্টারলিংক ব্যবহার বা কাছে রাখার দায়ে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া এই প্রযুক্তির যন্ত্রাংশ আমদানি কিংবা বিতরণে জড়িতদের সর্বোচ্চ পাঁচ বছরের সাজা হতে পারে। সরকারি সেন্সরশিপ এড়িয়ে যোগাযোগ রক্ষা করতে জনগণের মাঝে স্যাটেলাইট ইন্টারনেটের চাহিদা বাড়ছে, তবে এমন ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

ইরানে ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি নতুন নয়। চলতি বছরে দুই দফায় দীর্ঘ মেয়াদে দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছিল। বিশেষ করে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি শুরুর পর টানা ৮৮ দিন ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। ভবিষ্যতে যুদ্ধের তীব্রতা বাড়লে ইন্টারনেটে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

শেয়ার করুন