কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে কর্ণাটক সরকারের সচিবালয় বিধান সৌধ বোমা মেরে উড়িয়ে দেয়ার একটি কাল্পনিক ভিডিও তৈরি করেছিলেন ২৫ বছর বয়সী হযরত আলী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে তাকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। বিহারের বাসিন্দা হযরত আলী গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে পাইপফিটার হিসেবে দিনমজুরের কাজ করছিলেন। গত ২০শে অক্টোবর অনলাইনে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি বন্দুকের ট্রিগার টানার ভঙ্গি করছেন এবং তার পরপরই বিধান সৌধ ভবনে একটি বিস্ফোরণ ঘটছে। তবে বাস্তবে এমন কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে। পুরো দৃশ্যটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও তৈরির পেছনে তার প্রকৃত উদ্দেশ্য বা কোনো বিশেষ গোষ্ঠীর যোগসাজশ আছে কি না তা পরিষ্কার হয়। বিধান সৌধ কর্ণাটকের অত্যন্ত সুরক্ষিত একটি সরকারি স্থাপনা, যেখানে বিধানসভার কার্যক্রম চলে। এই ধরনের স্পর্শকাতর ভবনের ওপর হামলার বানোয়াট ভিডিও প্রচার জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে সক্ষম। তাই বিভ্রান্তিকর ও হুমকিমূলক কনটেন্ট তৈরিতে এআই-এর অপব্যবহারের বিরুদ্ধে সবাইকে কঠোরভাবে সতর্ক করেছে পুলিশ। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: মানবজমিন








