প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের ঠিক আগেই এ ধরনের সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে কখন কোথায় বদলি বা ডেকে আনা হবে, সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কার্যপদ্ধতির অংশ। এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়, বরং একান্তই মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন সমঝোতা চুক্তি সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তিনি আরও আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর এই সফর জাপানি বিনিয়োগ আকর্ষণের নতুন ক্ষেত্র তৈরি করবে এবং দুই দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
সূত্র: মানবজমিন








