যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে

প্রকাশ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার গুঞ্জন সম্পর্কে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও এমন আলোচনা শুনেছেন যে ফ্যাসিবাদী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করছেন।

এ ধরনের অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস নতুন নয় জানিয়ে মন্ত্রী বলেন, অতীতেও এমন অপচেষ্টা ছিল। বর্তমানেও তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো অপশক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে কয়েক দফা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। সরকার এ বিষয়ে খুবই তৎপর এবং স্পষ্ট অবস্থানে রয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং অসংখ্য মানুষের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের কোনো অপতৎপরতা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ছাড় দেবে না বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।

শেয়ার করুন