আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর महत्त्वाকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর যে পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ আমাদের নতুন আশার পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ আর অদক্ষ শ্রমিক নয়, বরং বিশ্বমানের দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠাবে। এতে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্বের সব দেশ যেন বুঝতে পারে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম। গুটিকয়েক মানুষের অপকর্মের জন্য যেন পুরো দেশের বদনাম না হয়।
অবৈধ উপায়ে বিদেশ ভ্রমণ এবং হুন্ডি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, দেশের সুনাম রক্ষায় সবাইকে অবৈধ পথ পরিহার করতে হবে। অভিবাসনের ক্ষেত্রে গন্তব্য দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, প্রবাসে বা দেশে যারা সাধারণ মানুষকে প্রতারিত করছেন, অবিলম্বে তাদের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ অভিবাসন এবং হুন্ডির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সবাইকে আহ্বান জানাই, আমরা আর অবৈধ পন্থায় বিদেশে যাব না। প্রতারকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা দেশে কিংবা বিদেশে থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তারা যদি অবিলম্বে এসব অপকর্ম থেকে সরে না আসেন, তবে আপনাদের পরিণতি হবে অত্যন্ত খারাপ।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সৎ পথে ব্যবসা পরিচালনা করলে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তবে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের দেশের শত্রু হিসেবে গণ্য করে শাস্তির আওতায় আনা হবে।
সূত্র: গালফ বাংলা








