পারস্য উপসাগরে কাতার উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা

প্রকাশ:

পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বৃহস্পতিবার বড় ধরনের আঘাতের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কাতার উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইল বা মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ট্যাংকারের ক্রুদের অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে পৃথক অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

আইআরজিসি দাবি করেছে, তাদের অননুমোদনহীন জলপথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজগুলোতে এই অগ্নিকাণ্ড ঘটে। বাহিনীটির ভাষ্যমতে, প্রণালীর দক্ষিণ অংশে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়েছে এবং পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার সময় একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ ও সহায়তার জন্য এগিয়ে যাওয়া একটি উদ্ধারকারী টাগবোটও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, কাতারভিত্তিক রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা ‘নাকিলাত’ জানিয়েছে, গত ৩০ অক্টোবর পারস্য উপসাগর অতিক্রমের সময় তাদের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং পরিবেশগত কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি নিরাপদ ও সচল থাকলেও এর আঘাতের গভীরতা ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কাতার যখন মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে, ঠিক তখনই এমন হামলার খবর এলো। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত মঙ্গলবার জানান, মধ্যস্থতাকারীদের উত্থাপিত খসড়া প্রস্তাবসমূহ উভয় পক্ষই গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং সংলাপের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ও জাহাজগুলোর ওপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

শেয়ার করুন