বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশ:

নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সকালে তিনি সিলেটের কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও কাজে অংশ নেন। দুপুর পৌনে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনকালে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, বন্দর পরিদর্শনের সময় মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তাকে দ্রুত সিলেট শহরে স্থানান্তর করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী জুরেজ আবদুল্লাহ গুলজার জানান, শুক্রবার বেলা সোয়া একটার দিকে তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা চলছে।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত। তার অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ তৈরি হলেও এখন তিনি উন্নতির পথে রয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন