ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশ:

চলতি বছরের ডিসেম্বরে বিজয় মাস থেকেই বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, শুরুতে দুটি বা তিনটি ফ্লাইটের মাধ্যমে কর্মী পাঠানোর এই কার্যক্রম চালু করা হবে। পরবর্তী সময়ে চাহিদাপত্রের ভিত্তিতে এই ধারা অব্যাহত থাকবে। গত ৫ নভেম্বর রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্টদের সঙ্গে এক সভায় এসব তথ্য জানান তিনি।

নতুন এই ব্যবস্থায় বিদেশ গমনেচ্ছু কর্মীদের কোনো খরচ বহন করতে হবে না। যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট বিদেশি নিয়োগকর্তা বা তাদের প্রতিষ্ঠান বহন করবে। প্রক্রিয়াটি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর সার্ভিস চার্জও বাদ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ নির্দিষ্ট কিছু এজেন্সির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব বৈধ এজেন্সি যাতে সমানভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসীদের যেকোনো সমস্যায় দ্রুত সহায়তার জন্য আলাদা সেল গঠন করা হচ্ছে।

মেডিকেল ফি প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। রিক্রুটিং এজেন্সির মালিকদের এই ব্যবসাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়িক মুনাফার পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধি এবং কর্মীদের বিদেশের আইনকানুন সম্পর্কে সচেতন করা জরুরি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো এজেন্সির অনিয়মের কারণে যেন দরিদ্র কর্মীরা ক্ষতিগ্রস্ত না হন। এছাড়া সভায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন