অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ:

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। এর আগে, প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা, যার ফলে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গভীর রাতে তাদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী ৭২ ঘণ্টার একটি আল্টিমেটাম বেঁধে দিয়েছেন তারা। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে, অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

সূত্রপাত সম্পর্কে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। কলেজ প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া থাকলেও, তা শেষ হতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ সময় অডিটোরিয়াম ব্যবহার করার অভিযোগে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। এরপর শিক্ষার্থীরা ক্ষমা চাইতে অধ্যক্ষের দ্বারস্থ হলে, আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই জরিমানা ও আসন বাতিলের ঘটনাকে কেন্দ্র করেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে অধ্যক্ষের অবাঞ্ছিত ঘোষণার মধ্য দিয়ে নতুন রূপ নিয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন।

শেয়ার করুন