ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী। তাদের দাবি, অখণ্ড ইউনিয়ন পুনর্বহাল করতে হবে। এই আন্দোলনের অংশ হিসেবে রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় স্থানীয়রা রেলপথ ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।
অবরোধের ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে এবং যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন গঠন করে সেটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়, যার গেজেট প্রকাশিত হয় ৪ জুন।
বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এর বিরোধিতা করে আসলেও কোনো সুরাহা হয়নি। এর মধ্যে সুলতানপুর, বাসুদেব ও রামরাইল ইউনিয়ন নিয়ে বরিশলকে কেন্দ্র করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব ও স্থানীয় সরকার বিভাগের সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি পাঠানোর খবরে ক্ষোভ চরম আকার ধারণ করে। জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এই দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছিল বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। বর্তমানে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে। অবরোধের ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত স্থবির হয়ে আছে।
সূত্র: মানবজমিন








