ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যার বিরুদ্ধে মামলার রায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তাই একজন সাজাপ্রাপ্ত ও পলাতক ব্যক্তির পাসপোর্ট নবায়নের আবেদন করা হাস্যকর ছাড়া আর কিছু নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে অবশ্যই ভারতের সাথে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এছাড়া অর্থের বিনিময়ে কোনো লবিস্ট যদি তার পক্ষে কাজ করে, তবে তাদের নৈতিকতা নিয়েও প্রশ্ন রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীরা এই আবেদনপত্র জমা দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক আবেদন। সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি এমন আবেদনের সুযোগ পেতে পারেন না।
সূত্র: যুগান্তর








