ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লির বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা হাসিনার এ ধরনের কর্মকাণ্ডে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বর্তমান পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের যে খবর ছড়িয়েছে, তার প্রেক্ষিতেই নতুন আবেদনের এই উদ্যোগ। আইনজীবীরা বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত আবেদনটি প্রক্রিয়াকরণের অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে প্রীতি রহমান বা ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমকে হাসিনা জানিয়েছিলেন যে, আইনি লড়াইয়ের জন্য তিনি দেশে ফিরতে চান। তার ঘনিষ্ঠ সহযোগীদের তথ্যমতে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার তারিখ চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। যদিও হাসিনা নির্বাসনে থেকে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এর আগে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণের জন্য দেশে ফেরার পরিকল্পনা করছেন।
বিশ্লেষকদের মতে, টানা ২০ বছর রাষ্ট্র পরিচালনার সুবাদে শেখ হাসিনার এখনো একটি নির্দিষ্ট শ্রেণির সমর্থন রয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা চলছে, তখন তার ফেরার সম্ভাবনা রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে। একইসঙ্গে, গত দুই বছরের টানাপোড়েনের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কেও এর ফলে নতুন মেরুকরণ ঘটতে পারে, কারণ ভারত তাকে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছিল। হাসিনার দলের অনেক নেতাকর্মী বর্তমানে কারাবন্দি অথবা দেশের বাইরে আত্মগোপনে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে।
সূত্র: মানবজমিন








