বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড আন্ডারপাস এলাকায় সোমবার সন্ধ্যায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর স্থানীয়রা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মহাসড়কে থাকা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে জড়িতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভ্যানের ওপরের বস্তা ও চট পুড়ে গেলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ঘটনার সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে জানিয়ে শেরপুর থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং মহাসড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
সূত্র: মানবজমিন








