মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার প্রয়াত স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর কবরে মানুষের নিয়মিত যাতায়াত এবং প্রার্থনায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিতি হাসমাহর মৃত্যুর এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত তার কবর জিয়ারত করছেন এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন। মানুষের এই নিরবচ্ছিন্ন ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়েছেন ১০১ বছর বয়সী এই সাবেক সরকার প্রধান।
সাম্প্রতিক এক বিবৃতিতে মাহাথির মোহাম্মদ জানান, হাসমাহর মৃত্যুর পর দীর্ঘ সময় পার হলেও মানুষের উপস্থিতি তাকে মানসিকভাবে গভীরভাবে স্পর্শ করেছে। তবে একই সঙ্গে তিনি একটি আক্ষেপও প্রকাশ করেছেন। বয়সের ভার ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি নিয়মিত স্ত্রীর কবর জিয়ারত করতে পারছেন না এবং সেখানে আসা শুভাকাঙ্ক্ষীদের সবার সঙ্গে সশরীরে দেখা করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবার বার্তার উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করেছেন। তবে যতটা সম্ভব, পর্যায়ক্রমে সবার বার্তার উত্তর দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এরপরও অনেক মানুষ তার কবর জিয়ারত করতে আসছেন। এ ছাড়া স্ত্রীর মৃত্যুতে দেশে-বিদেশে অনেকেই তাকে চিঠি ও বার্তা পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন।
মাহাথির ও সিতি হাসমাহর দাম্পত্য জীবন প্রায় সাত দশকের দীর্ঘ এক যাত্রার সাক্ষ্য দেয়। ১৯৫৬ সালের ৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে তারা একে অপরের ছায়া হয়ে ছিলেন। সিতি হাসমাহ শুধু পরিবারের সদস্য হিসেবেই নয়, মাহাথিরের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে পাশে থেকেছেন। দীর্ঘ ১০১ বছর বয়সে গত ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দিনই পুত্রজায়ার পুসারা নেগারা বা জাতীয় বীরদের সমাধিক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। সিতি হাসমাহ ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) মারা যান।
স্মরণ করা যেতে পারে, স্ত্রীর শেষ বিদায়ের সময় মাহাথির শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন এবং হুইলচেয়ারে থাকা অবস্থায় তার নাকে অক্সিজেনের নল লাগানো ছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শেষকৃত্যের পুরো সময় উপস্থিত থেকে স্ত্রীর বিদায়ে কান্নায় ভেঙে পড়েছিলেন। মৃত্যুর চার দিন পর ১ অক্টোবর সকালে পরিবারের সদস্যদের নিয়ে মাহাথির প্রথমবারের মতো স্ত্রীর কবর জিয়ারতে যান। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান করে তিনি কবরের ওপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেন এবং স্ত্রীর জন্য দোয়া করেন। পরিবারের সদস্যদের নিয়ে সকাল ১১টা ৫ মিনিটের দিকে সেখানে পৌঁছান তিনি।
ওই সময় সেখানে উপস্থিত প্রায় ২০০ জন শুভাকাঙ্ক্ষী সিতি হাসমাহর প্রতি শেষ শ্রদ্ধা জানান। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবেক ব্যাডমিন্টন তারকা লি চং ওয়েই, সংগীতশিল্পী রামলি সারিপ এবং পুত্রজায়ার সংসদ সদস্য রাদজি জিদিন। সিতি হাসমাহর মানবিক আচরণের স্মৃতিচারণ করতে গিয়ে লি চং ওয়েই বলেন, খেলোয়াড়দের সাফল্যের দিনে তিনি অভিনন্দন জানাতেন এবং ব্যর্থতায় মনোবল বাড়াতে ফোন বা বার্তা পাঠাতেন। তার এই আন্তরিকতা কখনোই ভোলার নয়।
শোক কাটিয়ে কর্মজীবনে ফেরার চেষ্টার কথা জানিয়ে মাহাথির ১৯ অক্টোবর এক বিবৃতিতে জানিয়েছিলেন, স্ত্রীর মৃত্যুর পর কয়েকদিন অফিসে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।
কিন্তু মানসিক ও শারীরিক শক্তি পুরোপুরি ফিরে না পাওয়ায় স্বাভাবিক ছন্দে ফেরা কঠিন হয়ে পড়েছে।
তিনি সেই সময় থেকেই স্ত্রীর জানাজা ও দাফনকাজে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
৪ নভেম্বরের নতুন বিবৃতিতে তিনি পুনরায় সেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় জীবনসঙ্গী হিসেবে হাসমাহকে পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এই উপলব্ধিই তাকে শোকের শক্তি জোগাচ্ছে। মালয়েশিয়ার রাজনৈতিক ও জনজীবনে সিতি হাসমাহর প্রতি শ্রদ্ধা এখনো অক্ষুণ্ণ রয়েছে, যা তার কবরে মানুষের ভিড় থেকেই স্পষ্ট হয়। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর শোক তার চোখেমুখে স্পষ্ট হয়ে উঠেছিল। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, বারনামা ও দ্য স্টার।
সূত্র: দৈনিক আমার দেশ








