শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার পদ্ধতি এবং ফি সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি এবং অবশ্যই ৭ বছরের কম হতে হবে, অর্থাৎ শিক্ষার্থীর জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত শিথিলতা দেওয়া হবে। শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি বাধ্যতামূলক করা হয়েছে এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকা প্রস্তুত রাখতে হবে।
পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান ৫০ নম্বর, যার মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিত ২০ নম্বরের পরীক্ষা হবে এবং সময় ১ ঘণ্টা। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ নম্বর নির্ধারণ করা হয়েছে, যেখানে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বরের উত্তর দিতে হবে এবং সময় ২ ঘণ্টা। এছাড়া আবেদন ফরম বিতরণের জন্য ন্যূনতম ৭ কার্যদিবস সময় দিতে হবে।
আবেদন ফি ও ভর্তি চার্জ
অনলাইনে প্রথম শ্রেণির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় ১,০০০ টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ফি নেওয়া যাবে, যার মধ্যে উন্নয়ন ফি সর্বোচ্চ ৩,০০০ টাকা অন্তর্ভুক্ত।
সংরক্ষিত কোটা ও আসন বিন্যাস
ভর্তি নীতিমালায় মোট আসনের বিপরীতে কোটা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর বা সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও জবাবদিহিতার আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: মানবজমিন








