উপহারের নামে ঘুষকে বৈধতা দেয়া বন্ধের আহ্বান জানাল টিআইবি

প্রকাশ:

ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের বিষয়টি বৈধ—এমন মন্তব্যের জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাজের মান বজায় রেখে দ্রুত বিল পরিশোধের পর প্রকৌশলীদের উপহার গ্রহণকে বৈধ বলে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা প্রকারান্তরে ঘুষ লেনদেনকেই বৈধতা দেয়ার শামিল। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যের পেছনে থাকা সিনিয়র সচিবের পরামর্শের বিষয়টি খতিয়ে দেখে তার জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই করা, সরকারি বিধি মেনে কাজ বুঝে নেয়া এবং দ্রুত বিল পরিশোধ করা একজন সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্বের অংশ। এই দায়িত্ব পালনের বিনিময়ে রাষ্ট্র থেকে বেতন-ভাতা গ্রহণ করেন তারা। তাহলে ঠিকাদারের লভ্যাংশ থেকে কেন উপহারের নামে অবৈধ অর্থ নিতে হবে? তিনি আরও বলেন, যাদের ওপর সরকারি ক্রয়ে অনিয়ম প্রতিরোধের দায়িত্ব, তাদেরই যদি চাকরির শুরুতেই ঘুষ নেয়ার এমন অনৈতিক পরামর্শ দেয়া হয়, তবে তা চরম দায়িত্বহীনতা। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে মাঠপর্যায়ে ঘুষ দাবি করা এবং দুর্নীতির বিস্তার আরও সহজতর হবে। নতুন করে চিন্তা করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন। অন্যদিকে ঠিকাদারের সঙ্গে প্রকৌশলীর যোগসাজশের দুর্নীতি আরও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করায় ড. ইফতেখারুজ্জামান বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ওই সিনিয়র সচিব যদি সত্যিই এমন পরামর্শ দিয়ে থাকেন, তবে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন ওঠে। সরকারি প্রতিষ্ঠানের ভেতর এমন দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ড. ইফতেখারুজ্জামান স্মরণ করিয়ে দেন, অতীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চাঁদাবাজিকে সমঝোতার লেনদেনের ঘোষণার সময়ও সরকার নিশ্চুপ ছিল। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের লাগামহীন বক্তব্য সরকারের জন্য অশনিসংকেত বহন করে।

আইনি কাঠামোর উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক জানান, দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারায় সরকারি কাজের পুরস্কার হিসেবে বা দাপ্তরিক সুবিধা নেয়ার ক্ষেত্রে শাস্তির স্পষ্ট বিধান রয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী, দাতার সাথে দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একইভাবে সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য উপহার গ্রহণের সীমা মাত্র ৫০০ টাকা নির্ধারণ করা আছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ীও প্রতিষ্ঠানের লোগোযুক্ত স্বল্পমূল্যের ডায়েরি বা কলমের মতো উপকরণের মূল্য ৫,০০০ টাকার বেশি হতে পারে না। ফলে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেয়ার কোনো আইনগত সুযোগ নেই। দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট বলে জানা কোনো ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা প্রতিদান অপর্যাপ্ত জেনেও মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে দণ্ডবিধির ১৬৫ ধারায় শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, বিধিতে নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। একই বিধিমালার ৫(৪)-এ সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২) অনুযায়ী, প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো স্বল্পমূল্যের সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫,০০০ টাকা।

ড. ইফতেখারুজ্জামানের মতে, যে ঠিকাদারের কাজ প্রকৌশলীরা তদারকি করেন, তার কাছ থেকে উপহার গ্রহণ করলে প্রকৌশলীর নিরপেক্ষতা বজায় থাকে না। এমন লেনদেন প্রকল্পের মান নিয়ন্ত্রণ ও বিল প্রত্যয়নের সিদ্ধান্তকে প্রভাবিত করে এবং অন্যদের সমান সুযোগ পাওয়ার অধিকার ক্ষুন্ন করে। এটি সরকারি দপ্তরে ঘুষ আদান-প্রদানকে একটি স্বাভাবিক রীতিতে পরিণত করবে। শেষ পর্যন্ত টিআইবি দাবি জানিয়েছে, প্রতিমন্ত্রীকে তার বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাইসাপেক্ষে সরকারের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। আজ যে উপহার স্বোচ্ছায় দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে, কাল তা সর্বব্যাপী নাগরিকের প্রাপ্য সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ আদায় সরকার ঘোষিত শর্তে পরিণত হবে।

শেয়ার করুন