শিবিরের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সংকটময় সময়ে ছাত্রশিবিরের নেতৃত্বের নীরব ভূমিকা নিয়ে তীব্র হতাশা ও প্রশ্ন তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা এই সময়ে ছাত্রশিবিরের কাছ থেকে যে ধরনের সাহসী পদক্ষেপ প্রত্যাশা করেছিল, তা তারা পাননি। নাছির অভিযোগ করেন, ক্যাম্পাস অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করার বদলে শিবিরের শীর্ষ নেতৃত্বকে সংকটকালে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে পর্যটনকেন্দ্রে সময় কাটাতে দেখা গেছে। তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীরা বরং খুশি হতেন যদি তারা রাজপথে নেমে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। এই ন্যক্কারজনক হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ছাত্রশিবিরের রাজনৈতিক অবস্থান সম্পর্কে নাছির বলেন, জুলাই মাসে তারা যেমন নীরব ছিল, যদি আওয়ামী লীগের পতন না হতো তবে তাদের কোনো নেতা ক্ষতিগ্রস্ত হতেন না। বরং নিজেদের নীরবতার বিনিময়ে শিবিরের নেতারা হল ছাত্রলীগের নেতা হিসেবে নিরাপদ আশ্রয়ে থাকতেন বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, ঠিক একইভাবে এখনো শিবির একটি সুবিধাবাদী নীরব ভূমিকা পালন করছে, যাতে আওয়ামী লীগ যদি কোনোভাবে ফিরে আসে তবে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। নাছিরের মতে, তাদের এই কৌশল মূলত রাজনীতির মাঠে নিজের সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা, যা জুলাইয়ের আন্দোলনের মতোই সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের পরিচায়ক। অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী। সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা। লীগের কাছে ধর্ণা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোন রূপ বাঁধা দেয়নি।

শেয়ার করুন