বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ধারণক্ষমতার তুলনায় প্রায় তিনগুণ বেশি রোগীর চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানে অনুমোদিত শয্যা সংখ্যা এক হাজার হলেও প্রতিদিন গড়ে দুই হাজার ৮০০ থেকে তিন হাজার রোগী ভর্তি থাকেন। এতে করে শয্যা না পেয়ে বহু রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে, বারান্দা এমনকি চলাচলের পথে মাদুর বিছিয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। সিট না পেয়ে কারও ঠাঁই হচ্ছে মেঝেতে, কারও বারান্দায়।
হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল ৫০০ শয্যা নিয়ে, যা পরবর্তীতে এক হাজার শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যা বাড়লেও সেই অনুপাতে অবকাঠামো ও জনবল বাড়েনি। এই পরিস্থিতির সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ চলতি মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠানটিকে আড়াই হাজার শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছে। এর আগেও একাধিকবার আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা গেছে। এর পরও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।
হাসপাতালের বিদ্যমান জনবল কাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।
এক হাজার শয্যার বিপরীতে চিকিৎসকের অনুমোদিত পদ ৩২৩টি হলেও কর্মরত আছেন মাত্র ২৩৬ জন, অর্থাৎ ৮৭টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসারের বড় একটি অংশ খালি পড়ে আছে। নার্স ও কর্মচারীদের ক্ষেত্রেও চিত্রটি একই। সিনিয়র স্টাফ নার্সের পদ শূন্য থাকার পাশাপাশি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর অধিকাংশ পদই ফাঁকা। যদিও আউটসোর্সিংয়ের মাধ্যমে ২২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তবুও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়। রেজিস্ট্রারের ৪৯টি পদের বিপরীতে কর্মরত ৩৫ জন, শূন্য পদ ১৪টি। সহকারী রেজিস্ট্রারের ৯৬টি পদের বিপরীতে কর্মরত ৭৪ জন, শূন্য পদ ২২টি। সিনিয়র স্টাফ নার্সের ১,০৬২টি পদের বিপরীতে কর্মরত আছেন এক হাজার চারজন। তৃতীয় শ্রেণির কর্মচারীর ১৬১টি পদের মধ্যে কর্মরত ৮৭ জন, শূন্য ৭৪টি। আর চতুর্থ শ্রেণির ৪৩৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২০৯ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বহির্বিভাগে প্রতিদিন দুই থেকে তিন হাজার রোগী সেবা নিতে আসেন। অথচ তাদের দেখার জন্য মাত্র ৪০ জন চিকিৎসক নিয়োজিত থাকেন। গড়ে একজন চিকিৎসককে ৭০ থেকে ৭৫ জন রোগী দেখতে হয়। এতে প্রতিটি রোগীর জন্য মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় বরাদ্দ রাখা সম্ভব হচ্ছে, যা সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য যথেষ্ট নয়। প্রয়োজনীয় ওষুধের সংকটের পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করাতেও ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। একজন রোগীকে প্রয়োজনীয় সময় দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্ণয় করতে অন্তত ১৫ মিনিট প্রয়োজন হলেও বাস্তবে চিকিৎসকরা রোগীপ্রতি চার থেকে পাঁচ মিনিটের বেশি সময় দিতে পারছেন না। একইভাবে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় উপকরণ ও জনবলের অভাবে রোগ নির্ণয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরীক্ষার মান নিয়েও প্রশ্ন থেকে যায়। অনেক সময় পরীক্ষার ফল পেতে দেরি হবে বুঝতে পেরে আর্থিকভাবে সচ্ছল রোগীরা বাইরে থেকে পরীক্ষা করিয়ে নেন।
চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহের ঘাটতিও প্রকট। সরকার এক হাজার শয্যার বিপরীতে যে ওষুধ ও অর্থ বরাদ্দ দেয়, তা তিন হাজার রোগীর মাঝে ভাগ করে দিতে গিয়ে ঘাটতি দেখা দিচ্ছে। ফলে রোগীদের বাইরের দোকান থেকে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে। প্যাথলজি বিভাগের অবস্থাও একই, যেখানে মাত্র ১০ জন টেকনোলজিস্টের পদ থাকলেও একটি খালি রয়েছে। ফলে দুই থেকে তিন শিফটে কাজ করেও প্যাথলজিক্যাল চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফলে প্রতিদিনই বাড়ছে চিকিৎসাসেবার ওপর চাপ।
ভুক্তভোগী রোগীদের দুর্ভোগের বর্ণনা দিয়ে কাউনিয়া এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, মাথাব্যথার চিকিৎসার জন্য সকাল সাতটায় লাইনে দাঁড়িয়েও বেলা ১১টা পর্যন্ত সিরিয়াল পাওয়া যায়নি। বরগুনা থেকে আসা আনোয়ার মিঞা তিনদিন ধরে বারান্দায় মাদুর বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু নার্স বা চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় খোঁজখবর পাচ্ছেন না বলে অভিযোগ করেন। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল রোগীদের জন্য এ পরিস্থিতি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বারান্দায় অবস্থান করায় নার্সরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন না।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বীকার করেছেন যে, সীমিত জনবল ও বাজেটের সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ছে। তিনি বলেন, বরিশাল বিভাগ ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মানুষ উন্নত চিকিৎসার আশায় এখানে ছুটে আসেন। এই বাড়তি চাপ সামলাতে হাসপাতালকে ২ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য সচিবের কাছে আবেদন পাঠানো হয়েছে এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








