ফেনীতে সরকারি অফিসে বোমা হামলা ও মোটরসাইকেল শোডাউন

প্রকাশ:

ফেনী সদরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ভোর পৌনে ৪টার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে হামলার ঘটনা ঘটেছে। পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি সালাউদ্দিন মোড় থেকে এসে কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়ায়। এরপর তারা গ্যারেজ লক্ষ্য করে দুটি পেট্রল বোমা ও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই তারা মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে পালিয়ে যায়।

পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী জানান, সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়লেও জড়িতদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে রয়েছেন। অন্যদিকে, জেলা রেজিস্ট্রি অফিস ভবনের নিচতলায় অগ্নিসংযোগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ফেনী সদর উপজেলা সাব রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) আবদুর রহমান মুহাম্মদ তামিম বিষয়টি অস্বীকার করেছেন।

পুলিশের ভাষ্যমতে, এটি পেট্রল বোমা হামলার ঘটনা নয়, বরং কেউ একটি কাচের বোতল ছুড়েছে। ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের টুকরা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া না গেলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, একই রাতে ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মোটরসাইকেল শোডাউন ও ঝটিকা মিছিল করতে দেখা গেছে। মিছিলকারীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে স্লোগান দেয়। মঙ্গলবার রাত ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। একই সময়ে পৌর শহরের সালাউদ্দিন মোড়সহ কয়েকটি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শেয়ার করুন