জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন কপ-৩১ এ যোগ দিতে তুরস্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে তুরস্কের অবিচল সংহতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় সমর্থন ও ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্ক সরকারকে বিশেষ ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে হওয়া আলোচনার সূত্র ধরে পারস্পরিক সহযোগিতার বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুই দেশের যৌথ বিনিয়োগ ও অংশীদারত্ব বৃদ্ধির প্রস্তাব করেন। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতার বিষয়গুলোও স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
এই দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দুই নেতার এই বৈঠক বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: যুগান্তর








