ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার বিষয়ে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সোমবার (৯ নভেম্বর) হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকমিশন আনুষ্ঠানিকভাবে এমন কোনো আবেদন গ্রহণ করেনি।
প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর পক্ষ থেকে একটি ই-মেইল পাওয়া যায়। সেই ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। তবে আবেদনটি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। এতে কোনো প্রয়োজনীয় অনুমোদন বা প্রমাণাদিও সংযুক্ত ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অংশ হিসেবে হাইকমিশন ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এমনকি আইনজীবীর মাধ্যমে সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই আবেদন জমা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে হাইকমিশনের পক্ষ থেকে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে শেখ হাসিনা নিজে রয়টার্সকে জানিয়েছেন যে, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। এদিকে আওয়ামী লীগের নেতারা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে। বর্তমানে বাংলাদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তার ফেরা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
সূত্র: যুগান্তর








