খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাতে মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রাত সোয়া ১০টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এবং পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঘেরহাটের ফকিরহাটের দিক থেকে মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এলাকায় প্রবেশ করে হীরকের দোকানের সামনে থামেন। এসময় দোকানে অবস্থানরত জাকির হোসেনের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যান তারা। গুরুতর আহতাবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন।
সূত্র: মানবজমিন








