চট্টগ্রামের বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২

প্রকাশ:

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে তক্তারপুল এলাকায় আব্দুস সোবহান (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি স্থানীয় তক্তারপুল এলাকার নূর ইসলামের ছেলে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাদের হত্যা মামলায় কোটে প্রেরণ করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক নুরুল আলম আশিক জানিয়েছেন, স্বজনদের দেওয়া তথ্য ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ির পাশেই এই হামলার শিকার হন সোবহান। পুলিশের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখাকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার পর পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট এবং মোমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোবহানের বিরুদ্ধে অতীতে একটি হত্যা মামলা ও ১৮টি মাদক মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত ও আইনানুগ পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন