উত্তর প্রদেশের সম্ভলে অবৈধ দাবি করে মসজিদ গুঁড়িয়ে দেওয়া হলো

প্রকাশ:

ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে অবস্থিত একটি মসজিদ ভাঙার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার পরিচালিত এই উচ্ছেদ অভিযানকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ধর্মীয় স্থাপনাটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট দপ্তরের একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করে।

তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্‌ফ ঘোষিত জমিতে ওয়াক্‌ফ বোর্ডের অনুমতি না নিয়েই এই স্থাপনা গড়ে তোলা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, সম্পূর্ণ অনুমোদনহীনভাবে নির্মাণকাজ সম্পন্ন করায় অবৈধ স্থাপনাটি অপসারণের জন্য এই অভিযান চালানো হচ্ছে।

আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিংয়ের ভাষ্যমতে, এক মাসেরও বেশি সময় আগে স্থানীয় বাসিন্দারা গ্রামের জনসাধারণের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ তৈরির বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। এরপর রাজস্ব বিভাগ ও পুলিশের একটি যৌথ দল সরেজমিন তদন্ত করে অনুমোদনের কোনো বৈধ প্রমাণ পায়নি। মহকুমা শাসক (এসডিএম) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে তা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

অভিযান চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন। ঘটনাস্থলে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ সদস্য এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। নিরাপত্তার সার্বক্ষণিক তদারকিতে ড্রোনের পাশাপাশি আশপাশের ভবনের ছাদেও মোতায়েন করা হয় বাড়তি পুলিশ সদস্য। এছাড়া নজরদারির জন্য আশপাশের ভবনের ছাদে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

শেয়ার করুন