হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: আইআরজিসি

প্রকাশ:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ট্যাংকারে নৌমাইনের আঘাত লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে জাহাজটি এই অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ জলসীমায় প্রবেশ করলে এই বিস্ফোরণ ঘটে। আইআরজিসির ভাষ্যমতে, জাহাজটি নিয়মবহির্ভূত পথে চলার সময় বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্যাংকারটির অবস্থান শনাক্ত করার সিস্টেম এবং পরিচয় জানানোর ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিষিদ্ধ অঞ্চলে প্রবেশের আগেই জাহাজটিকে যথাযথ সতর্কতা সংকেত পাঠানো হয়েছিল, কিন্তু তা মানা হয়নি।

আইআরজিসি নিশ্চিত করেছে যে, আক্রান্ত জাহাজটি তরলীকৃত গ্যাস বহন করছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ রুটগুলো দিয়ে চলাচল করলে যে কোনো ট্যাংকারকেই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ ধরনের নৌপথে মাইন বিস্ফোরণে জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলেও তারা উল্লেখ করেছে। অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লাগার পর একটি তরলীকৃত গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়। বিবৃতিতে আরো বলা হয়, নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী যেকোনো ট্যাংকারকে একই পরিণতির মুখে পড়তে হতে পারে।

এর আগেও বিভিন্ন সময়ে সতর্কবার্তা দেওয়ার পরেও ট্যাংকার মালিকরা বিপজ্জনক রুট ব্যবহার অব্যাহত রাখায় আইআরজিসি ক্ষোভ প্রকাশ করেছে। তবে সাম্প্রতিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাহাজটির পরিচয়, মালিকানার তথ্য বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো বিবরণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন