চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম এম কামাল উদ্দিন, যিনি পেশায় একজন আইনজীবী। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় পর্যায়ে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে শনিবার সকালে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, কামাল উদ্দিন কর্ণফুলীর স্থানীয় বাসিন্দা নন। তাঁর বাড়ি মূলত সাতকানিয়া উপজেলায়। তিনি গত দেড় মাস ধরে সিডিএ টেক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাঁর বাসায় গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের সাথে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এম কামাল উদ্দিনকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়নি। এ মুহূর্তে তাঁকে কেবল পুলিশি হেফাজতে রাখা হয়েছে। থানায় তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো লিখিত অভিযোগও ছিল না। তবে স্থানীয়দের পক্ষ থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে বলে ওসি নূর আহমেদ জানিয়েছেন। অভিযোগগুলোর সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় লোকজনের অভিযোগ এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
সূত্র: প্রথম আলো








