টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ কাতার, চ্যাম্পিয়ন জর্ডান

প্রকাশ:

জর্ডানের আকাবায় অনুষ্ঠিত আইটিপিএফ টেন্ট পেগিং পঞ্চম বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে স্বাগতিক জর্ডান। ১০টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলে জর্ডান ৪৬৮.৫ পয়েন্ট সংগ্রহ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে। অন্যদিকে ৪৫৯.৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে কাতার এবং ৪৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করেছে সৌদি আরব। ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে জর্ডান সামগ্রিকভাবে তিনটি স্বর্ণপদক জিতে শিরোপা নিশ্চিত করে। ব্যক্তিগত বিভাগে জর্ডানের আব্দুল ওয়াহাব আল জারাহ ১৩০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

কাতারের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ফয়সাল সাদ আল-হাজরি, ঘানেম হাদ্দাফ আল-কাহতানি, ইব্রাহিম জসিম আল-হাম্মাদি, নাসের হামাদ আল-হাজরি ও আবদুল্লাহ ফালেহ আল-হাজরি। পুরো আসরে কাতার একটি স্বর্ণ ও দুটি রৌপ্যসহ মোট তিনটি পদক জয় করেছে। সামগ্রিক পয়েন্টের হিসাবে চ্যাম্পিয়ন জর্ডানের চেয়ে মাত্র ৯ পয়েন্ট পিছিয়ে ছিল দলটি। এদিকে ব্যক্তিগত বিভাগে ভারতের অশ্বারোহী দিনেশ কার্লেকার ১২৭.৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন। মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে রৌপ্যপদক হাতছাড়া হয় তার।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দলীয় ল্যান্স ইভেন্টে স্বর্ণ জেতে জর্ডান। এই ইভেন্টে কাতার রৌপ্য এবং সৌদি আরবের মিথাল আল কাহতানি ব্রোঞ্জ পদক অর্জন করেন। এছাড়া শেষ দিনের দলীয় ইভেন্টে ভারত ব্রোঞ্জ জেতে। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানটি গত ১৪ নভেম্বর রয়্যাল জর্ডানিয়ান ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের সভাপতি প্রিন্সেস আলিয়া বিনতে আল হুসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়। এতে আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বিন ইসা আল ফেয়ারুজসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেন্ট পেগিং হলো একটি ঐতিহ্যবাহী অশ্বারোহী খেলা, যেখানে দ্রুতগতিতে ঘোড়া ছুটিয়ে বল্লম বা তলোয়ার দিয়ে মাটিতে পোঁতা কাঠের খুঁটি তুলে আনতে হয়। এর বাইরে ঝুলন্ত রিংয়ে বল্লম প্রবেশ এবং তলোয়ার দিয়ে লেবু কাটার মতো রোমাঞ্চকর ইভেন্টও রয়েছে। ২০১৩ সালের অক্টোবরে ওমানের মাস্কাটে আন্তর্জাতিক টেন্ট পেগিং ফেডারেশন (আইটিপিএফ) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির আয়োজনে ২০১৪ সালে ওমানে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং ২০২৬ সালের আসরটি ছিল এই বিশ্ব প্রতিযোগিতার পঞ্চম আয়োজন।

শেয়ার করুন