সংযুক্ত আরব আমিরাতের উপ-শাসক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দোহার আমিরি দিওয়ানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে আমিরাতি নিরাপত্তা উপদেষ্টা একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকের শুরুতেই শেখ তাহনুন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের পক্ষ থেকে কাতারের আমিরের কাছে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি কাতারি জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। জবাবে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিও আমিরাতের প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমিরাতি জনগণের সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।
উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ বৈঠকে কাতার ও আমিরাতের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত ও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে দুই পক্ষ নিজেদের অবস্থান ও মতামত বিনিময় করেন।
বৈঠকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল-থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে, আমিরাতি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আদালতের উন্নয়ন ও শহীদ বিষয়ক ডেপুটি চেয়ারম্যান শেখ থিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এবং দেশটির বিনিয়োগমন্ত্রী মোহাম্মদ হাসান আল-সুওয়াইদিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
সূত্র: গালফ বাংলা








