মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যদি তার প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ‘ডার্টি বোমা’ বা কোনো ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে দেশটিকে এমন ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে যা এর আগে কোনো দেশ কখনো দেখেনি।
ওয়াশিংটনের বিরুদ্ধে এমন হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার বিষয়ে সিএনএন সাত মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে, এটি তাৎক্ষণিক কোনো হামলার সংকেত নয়, বরং ইরান ভবিষ্যতের জন্য সম্ভাব্য বিকল্প হিসেবে এটি প্রস্তুত রাখছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের এই বক্তব্য ও মার্কিন গণমাধ্যমের খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা হিসেবে প্রত্যাখ্যান করেছেন। বাঘাইয়ের দাবি, ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনের প্রেক্ষাপট তৈরির জন্যই এসব তথ্য ছড়ানো হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বিষয়টিকে ইরাক যুদ্ধের সময়কার পরিস্থিতির সাথে তুলনা করেছেন।
সূত্র: দৈনিক আমার দেশ








