ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

প্রকাশ:

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি বলবৎ থাকার মধ্যেই ইসরাইলি বাহিনীর নতুন হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, গত ২০২৬ সালের সেপ্টেম্বরে পূর্ববর্তী কমান্ডার নায়েল আবু ওবেইদ (যিনি আবু আতিয়া নামে পরিচিত ছিলেন) নিহত হওয়ার পর সামির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে এক ভয়াবহ হামলা চালায় ইসরাইল। সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ওই অভিযানের লক্ষ্যবস্তু ছিল হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধা। তবে এই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয়জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হামাস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে একটি ভয়াবহ ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্দিষ্ট সদস্যদের লক্ষ্যবস্তু করার দাবিটি আসলে চিকিৎসাকেন্দ্রের মতো সুরক্ষিত স্থাপনায় হামলা চালানোর অপরাধ ঢাকতে ইসরাইলের এক নির্লজ্জ অপপ্রয়াস। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালগুলো সুরক্ষিত হওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

এর আগেও হামাস বিভিন্ন বিবৃতিতে জানিয়েছিল যে, ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের কঠোর হওয়া জরুরি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের চলমান সামরিক হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন