চট্টগ্রামে বুধবার রাতজুড়ে একের পর এক নাশকতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার সময় বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ ছিলেন না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির ভেতর আগুন জ্বলতে দেখা গেছে। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মন্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাতের আঁধারে আগুন দেয়ায় প্রত্যক্ষদর্শী কারও বক্তব্যও পাওয়া যায়নি।
একই রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের বাসভবনে অভিযান পরিচালনা করেছে।
পাঁচলাইশ থানা পুলিশ নগরীর ষোলশহরে সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালায়। গত ৫ আগস্টের পর থেকে নওফেলের বাসভবনে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া কোতোয়ালী থানা পুলিশ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের আন্দরকিল্লার বাসভবনে অভিযান চালায়। আ জ ম নাছিরের বাসায় পুলিশের এটিই প্রথম অভিযান। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে থাকলেও তার অনুসারীদের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তার অনুসারীরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বেশ সক্রিয় রয়েছেন।
এদিকে নগরীর নিউ মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনজীবন স্থবির হয়ে পড়ে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনে সড়ক অবরোধের চেষ্টা ও বিক্ষোভ মিছিল করেছে। সন্ধ্যায় মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত সাতজন নেতাকর্মী আহত হন। এছাড়া আন্দরকিল্লা, চেরাগী পাহাড় ও টেরিবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি শোডাউনের জেরে নগরজুড়ে অস্থিরতা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।
সূত্র: যুগান্তর








