বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খায়রাবাদ সেতু সংলগ্ন দপদপিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের চৌমাথা এলাকার তূর্য পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী গ্রিন ভিউ পরিবহনের সাথে বরিশাল থেকে পটুয়াখালীগামী আবির আব্দুল্লাহ পরিবহনের বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে আবির আব্দুল্লাহ পরিবহন নামে বাসটি বরিশাল রুপাতলি থেকে ছেড়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল।
দুর্ঘটনার পর নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সূত্র: দৈনিক আমার দেশ








