আভিজাত্য আর নান্দনিক প্রকৌশলশৈলীর এক অনন্য সংমিশ্রণে কাতারে শুরু হয়েছে সপ্তম ‘কাতার লাক্সারি ক্লাসিক কারস কনটেস্ট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। গত বুধবার ১৮ নভেম্বর দোহার দ্য পার্ল আইল্যান্ডে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিশাল প্রদর্শনীর পর্দা উন্মোচিত হয়। কাতার মিউজিয়ামস এবং দোহা ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারপারসন শেখা আল মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল-থানির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রদর্শনীটি এবারের সংস্করণে ইতিহাসের রেকর্ড গড়েছে। এক শতাব্দীর মোটরগাড়ির বিবর্তন ও রেকর্ড অংশগ্রহণ।
এবারের আয়োজনে কাতারসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর ৭৪টি দুর্লভ ও ঐতিহাসিক গাড়ি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে ১৯০০ থেকে ১৯৯৬ সালের মধ্যে নির্মিত ক্লাসিক গাড়িগুলোকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আসরটির অন্যতম প্রধান আকর্ষণ হলো কাতারের সাবেক শাসক শেখ আবদুল্লাহ বিন জসিম আল-থানির ব্যবহৃত ১৯৩৮ সালের একটি ঐতিহাসিক শেভ্রোলেট গাড়ি। প্রদর্শিত গাড়িগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো হিসেবে ১৯২৮ সালের একটি ফোর্ড মডেল এ এবং ১৯২৯ সালের একটি বিএমডব্লিউ বিশেষ নজর কেড়েছে।
আন্তর্জাতিক ঐতিহাসিক যানবাহন ফেডারেশনের (ফিভা) তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া গাড়িগুলোর প্রায় অর্ধেকই এসেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো থেকে।
গালফ কাতারি ক্লাসিক কারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ ফয়সাল বিন কাসিম আল-থানি জানিয়েছেন, সপ্তম এই সংস্করণটি আয়োজনের ক্ষেত্রে এক নতুন মাইলফলক। তাঁর মতে, এসব গাড়ি কেবল সংগ্রহের বস্তু নয়, বরং এগুলো এক শতাব্দীরও বেশি সময় ধরে মোটরগাড়ির বিবর্তন, নকশা ও প্রকৌশলের জীবন্ত দলিল। আঞ্চলিক পর্যায়ে যান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণের কেন্দ্র হিসেবে কাতারকে প্রতিষ্ঠিত করাই এই প্রদর্শনীর অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীটিকে সংগ্রাহক ও গাড়িপ্রেমীদের মধ্যে সেতুবন্ধন তৈরির কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ওমর আল ফারদান। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের কাছে যান্ত্রিক ঐতিহ্যের জ্ঞান পৌঁছে দিতে তরুণদের জন্য বিশেষ কর্মশালার ব্যবস্থাও রাখা হয়েছে। বোর্ডের সদস্য ও মহাসচিব প্রকৌশলী আবদুল লতিফ আলী আল ইয়াফি জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে ফিভার মানদণ্ড অনুযায়ী অভিজ্ঞ দেশি-বিদেশি বিচারক প্যানেল গাড়িগুলোর মূল্যায়ন করছেন।
তরুণ প্রজন্মকে যান্ত্রিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কাতার অটো মিউজিয়াম বিশেষ উদ্যোগ নিয়েছে। কাতার মিউজিয়ামসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ আল রুমাইহি বলেন, প্রতিটি ক্লাসিক গাড়ির পেছনের উদ্ভাবনী গল্প আগামী দিনের নকশাবিদ ও প্রকৌশলীদের অনুপ্রাণিত করবে। জাদুঘর কর্তৃপক্ষ ইতোমধ্যে গাড়ি পুনরুদ্ধার ও সংরক্ষণের ওপর শিক্ষামূলক ভিডিও তৈরির কাজও শুরু করেছে।
এদিকে ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের সালেহ আল জাইদাহ জানান, দ্য পার্ল আইল্যান্ডের নান্দনিক পরিবেশের সাথে এই ঐতিহ্যবাহী প্রদর্শনীর সমন্বয় দেশি-বিদেশি পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। এই আয়োজনে পঞ্চমবারের মতো সহায়তা করছে সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড (দাম)। অন্যদিকে, টানা পঞ্চমবারের মতো এই আয়োজনে সহায়তাকারী সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ডের (দাম) পরিচালক হাসান ইউসুফ আল ওবাইদলি উপসাগরীয় অঞ্চলের সংগ্রাহকদের এই মিলনমেলার প্রশংসা করেন।
আয়োজকরা জানিয়েছেন, পাঁচটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য ১৫টি পুরস্কারসহ মোট ২০টি নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া সেরা বিলাসবহুল গাড়ি, আকর্ষণীয় গাড়ি এবং সেরা সংরক্ষিত স্থানীয় ঐতিহ্যের গাড়ির জন্য পাঁচটি বিশেষ পুরস্কার থাকবে। প্রদর্শনীটি ২২ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং সমাপনী অনুষ্ঠানেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। শিশুদের ছবি আঁকা ও নানাবিধ শৈল্পিক পরিবেশনার সুযোগ থাকায় সব বয়সী দর্শনার্থীদের প্রদর্শনীটি উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: গালফ বাংলা








