রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত তিনটার দিকে সংঘটিত এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি। দলটির দাবি, দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পতিত ফ্যাসিবাদী শক্তি এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে।
এবি পার্টির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার গভীর রাতে একটি অটোরিকশায় করে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত কার্যালয়ের নিচে আসে। তারা গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত এলাকা ত্যাগ করে। কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় বিষয়টি লক্ষ্য করে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে ততক্ষণে গাড়িটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
এই অগ্নিসংযোগের ঘটনার কড়া সমালোচনা করেছেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার গাড়িতে রাতের অন্ধকারে এমন হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন এবং গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে আরও বলা হয়, আগুন-সন্ত্রাস বা ভয়ের সংস্কৃতি দিয়ে রাজনৈতিক কোনো শক্তিকে দমন করা সম্ভব নয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতরা উল্টো জনবিচ্ছিন্ন হচ্ছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে তারা মন্তব্য করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এবি পার্টি।
সূত্র: প্রথম আলো








