কাতারে উদ্বোধন হলো ৪৯তম কুয়েত আন্তর্জাতিক বইমেলা

প্রকাশ:

দেশ-বিদেশের লেখক, গবেষক ও পাঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কুয়েতের মিশরেফে শুরু হয়েছে ৪৯তম আন্তর্জাতিক বইমেলা।

বুধবার (১৮ নভেম্বর) কুয়েত আন্তর্জাতিক ফেয়ারগ্রাউন্ডের ৫, ৬ ও ৭ নম্বর হলে আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করা হয়। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর প্রতিনিধি হিসেবে মেলার উদ্বোধন করেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ওমর আল-ওমর।

এবারের আসরে কাতারকে ‘সম্মানিত অতিথি দেশ’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের সংস্কৃতিমন্ত্রী শেখ আবদুর রহমান বিন হামাদ আল-থানি উপস্থিত ছিলেন। এছাড়া কুয়েতের সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চিন্তাবিদ ড. খলিফা আল-ওয়াকায়ানকে মেলায় ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ন্যাশনাল কাউন্সিল ফর কালচার, আর্টস অ্যান্ড লেটার্সের আয়োজনে এই মেলায় ৩৪টি দেশের ৫৯২টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। মেলায় শিশুদের জন্য ৪২ হাজার এবং ২০২৬ সালে প্রকাশিত ২২ হাজার নতুন শিরোনামসহ সব মিলিয়ে প্রায় ২ লাখ ৪৮ হাজারের বেশি বই প্রদর্শিত হচ্ছে। নিত্যনতুন বইয়ের খোঁজে ও জ্ঞানচর্চার উদ্দেশ্যে প্রতিদিনই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নতুন বইয়ের সন্ধান, জ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে প্রতিদিনই মেলায় ভিড় করছেন বিভিন্ন বয়সী পাঠক ও দর্শনার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী ওমর আল-ওমর বলেন, কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর পৃষ্ঠপোষকতা দেশের জ্ঞানচর্চার প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বের প্রতিফলন। তিনি আরও বলেন, প্রযুক্তির যুগেও বইয়ের গুরুত্ব অপরিসীম। একটি আধুনিক ও সৃজনশীল জাতি গঠনে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মেলাটিকে কেবল বই কেনাবেচার স্থান নয়, বরং জ্ঞান ও সৃজনশীলতার আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে দেখছেন আয়োজকরা। কুয়েত ও কাতারের ঐতিহাসিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন জোরদারে এবারের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন পাঠক তৈরি এবং প্রকাশনা শিল্পের বিকাশেও এই বইমেলা নতুন দিগন্ত উন্মোচন করবে। রাষ্ট্রীয় নেতৃত্বের এই সহযোগিতা কুয়েতের সাংস্কৃতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ বই মানুষের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেয়ার করুন