চলমান ‘উইন্টার হিরোস’ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশসহ সাতটি দেশে খাদ্য ও শীতবস্ত্রবাহী ৭০টি মানবিক ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার চ্যারিটি। তীব্র শীতে অসহায় ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এসব ত্রাণ বহরে খাদ্যের পাশাপাশি কম্বল, শীতকালীন কিট এবং জ্বালানি ভাউচার অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি বহরের পেছনে ১ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ব্যয় ধরা হয়েছে, যার মাধ্যমে অন্তত ১ হাজার ৫০০ মানুষ উপকৃত হবেন।
এই সহায়তা কর্মসূচি যেসব দেশে বাস্তবায়িত হবে তার মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, লেবানন, সোমালিয়া, সুদান, কেনিয়া এবং জিবুতি।
দীর্ঘমেয়াদি সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও মৌসুমি দুর্ভোগের কারণে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হচ্ছে।
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দানশীল ব্যক্তিরা কাতার চ্যারিটির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনুদান দিতে পারবেন। এছাড়া ৪৪২৯ ০০০০ নম্বরে কল করে বা শপিং মল ও শাখায় গিয়েও সরাসরি অনুদান জমা দেওয়া সম্ভব। দাতারা চাইলে একটি পুরো বহরের দায়িত্ব নিতে পারেন অথবা সর্বনিম্ন ৫০ রিয়াল থেকে আংশিক অনুদানও দিতে পারবেন। এ ছাড়া অ্যাপের মাধ্যমে অনুদান সংগ্রহকারীর (কালেক্টর) সাক্ষাতের অনুরোধ জানানো যাবে, ৪৪২৯ ০০০০ নম্বরে কল করা যাবে অথবা কাতার চ্যারিটির শাখা ও শপিং মলগুলোতে থাকা সংগ্রহ কেন্দ্রগুলোতে গিয়ে সরাসরি অনুদান দেওয়া যাবে।
সংস্থাটির শীতকালীন মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় অতীতেও বিভিন্ন দেশে বড় ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ২০২১ সালে তুরস্ক-সিরিয়া সীমান্ত দিয়ে সিরীয় শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের জন্য ২০০টি ট্রাক পাঠিয়ে ১ লাখ ২০ হাজার মানুষের চাহিদা মেটানো হয়েছিল। ২০২৩ সালে ‘ওয়ার্ম হার্টস’ ক্যাম্পেইনের অধীনে লেবাননের বিভিন্ন অঞ্চলে খাদ্য ঝুড়ি, শীতকালীন কিট, হিটিং সামগ্রী ও ত্রিপল বিতরণ করা হয়। সেখানে সিরীয় শরণার্থী ও অসহায় লেবানিজ পরিবারগুলোর মাঝে ১ হাজার ২০০টি খাদ্য ঝুড়ি, ১ হাজার ৯০০টি শীতকালীন কিট, ৩০০ প্যাকেট হিটিং সামগ্রী এবং ২২৫টি তাঁবুর ত্রিপল বিতরণ করা হয়েছিল।
শুধু শীতকালীন ত্রাণ নয়, স্থল ও আকাশপথে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। ২০২৬ সালের অক্টোবরে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, হামাদ মেডিকেল করপোরেশন ও অ্যাসপেটারের সাথে যৌথ উদ্যোগে সুদানে ৫০টি ট্রাকে করে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়। এছাড়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত মিসর ও জর্ডানের মাধ্যমে গাজা উপত্যকায় ব্যাপক ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার চ্যারিটি। নিয়মিত এসব উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে সংকটাপন্ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে নিরলস কাজ করে যাচ্ছে সংস্থাটি।
সূত্র: গালফ বাংলা








