মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়েছে ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ১৪টি দেশ। সোমবার বৃটেনসহ ওই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজে-র রায়টি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার কথা জানান। এ তালিকায় থাকা অন্য ১৩টি দেশ হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।
যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, মিয়ানমার জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। আইসিজে-র রায় মিয়ানমারের জন্য আইনিভাবে বাধ্যতামূলক। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে দেশটির প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার চূড়ান্ত রায় ঘোষণার এই ঘটনাটি নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্র গণহত্যা করেছে বলে চূড়ান্তভাবে নির্ধারণ করল আইসিজে।
বৃটেন পৃথকভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত কর্মকাণ্ডকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দ এবং তাদের বৃটেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের দায়মুক্তি গ্রহণযোগ্য নয়।
লন্ডন মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ ও রপ্তানি বন্ধের জন্য নতুন আইন প্রণয়নেরও পরিকল্পনা করছে। মানবিক সহায়তা হিসেবে রাখাইন রাজ্যে বসবাসরত ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনমান উন্নয়ন ও জরুরি সেবার জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড অনুদান দিচ্ছে বৃটেন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এর মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর আইসিজে-র ঐতিহাসিক রায়ে বলা হয়েছিল, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান গণহত্যা হিসেবে গণ্য। যদিও মিয়ানমার সরকার শুরু থেকেই এই রায়কে অন্যায্য ও বড় ধরনের হতাশা বলে প্রত্যাখ্যান করেছে। এর আগে রায়ের পর বৃটেন মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানের এই নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে জান্তা সরকারের ওপর লন্ডনের চাপের মাত্রা আরও বৃদ্ধি পেল।
সূত্র: মানবজমিন








