নেপালের কোশি প্রদেশের লেলেপের কাছে মঙ্গলবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূগর্ভের ২০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি ছিল। তবে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের বরাতে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে উল্লেখ করা হয়েছে, যার উৎপত্তিস্থল নেপাল-তিব্বত সীমান্তের তাপেলেজুং জেলার ওলাংচুং গোলার কাছে।
ভূমিকম্পের তীব্রতা ছড়িয়ে পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে। হিমালয় সীমান্তবর্তী এলাকা এবং ভারতের বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে তীব্র কম্পনের ফলে বহুতল ভবন ও বৈদ্যুতিক খুঁটি কেঁপে ওঠে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করে। অনেকে সতর্কতাবশত ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কার্বি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে। এনসিএস-এর তথ্যমতে, আসামে হওয়া ওই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার নিচে। সকালের মূল ভূমিকম্পটির পর ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: মানবজমিন








