সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশ:

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষিত তফশিল স্থগিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার ও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী রোববার এই রিটের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করে। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তফশিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তফশিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছিল ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া মনোনয়নপত্র বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

তফশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন