সংযুক্ত আরব আমিরাতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কাজ করার সময় বাইকের পাশে বসে গভীর মনোযোগে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া। তার এই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। তবে তার কাছে এই চর্চাটি কেবল ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণের কোনো মাধ্যম নয়, বরং এটি তার প্রবাস জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং ঈমান ধরে রাখার এক অনন্য প্রচেষ্টা।
পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে এবং দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি জমান মনসুর। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে তিন বছর আগে, যখন মাত্র অল্প কিছুদিনের ব্যবধানে তিনি নিজের বাবা, মা এবং ভাইকে চিরতরে হারান। প্রিয়জন হারানোর এই গভীর শোক ও শূন্যতা তাকে ইসলামের পথে আরও অবিচল করে তোলে। এরই ফলশ্রুতিতে তিনি পুরো কুরআন শরীফ হিফজ করার কৃতিত্ব অর্জন করেন।
ডেলিভারির কাজে দিনের দীর্ঘ সময় রাস্তায় বাইক চালিয়ে পার করতে হয় মনসুরকে। কুরআন যেন ভুলে না যান, সেজন্য তিনি বাইক চালানোর সময় মোবাইলে তিলাওয়াত শোনেন। রাইডের মাঝে অল্প সময় পেলেই তিনি সাথে রাখা কুরআন খুলে বসে যান। মনসুর জানান, এই ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তিনি নিয়মিত এভাবেই কুরআন তিলাওয়াত করে আসছেন।
নিজের অনুভূতির কথা জানিয়ে মনসুর বলেন, ‘কাজের বিরতিতে কুরআন তিলাওয়াত করলে তা আমাকে কাজে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং আমি মানসিকভাবে মহান আল্লাহর কাছাকাছি অনুভব করি।’ এই তিলাওয়াতের পেছনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও জানান, ‘আমি আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত এবং তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই প্রতিদিন কুরআন পাঠ ও চর্চা করি।’
সূত্র: গালফ বাংলা








