তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের এফআইআর

প্রকাশ:

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় দায়ের করা এই মামলায় তার পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক ও উদ্যোক্তাদেরও অভিযুক্ত করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ অমান্য করে এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এই কর্মসূচি চালানো হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে। হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেনটি খোলা রেখে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। কিন্তু অভিযোগ ওঠে যে, অনুষ্ঠানের কারণে রাস্তার উভয় দিকই অবরুদ্ধ হয়ে পড়ে। এছাড়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী বিকেল ৩টার মধ্যে সভা শেষ করার কথা থাকলেও, সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি অব্যাহত ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

শেয়ার করুন