এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। অর্থাৎ, সাধারণ বোর্ডে পাসের হার ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে। বোর্ডভিত্তিক ফলাফলে সর্বোচ্চ ৭১.৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এছাড়া যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাশাপাশি মাদরাসা বোর্ডে ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।
যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ।
সূত্র: মানবজমিন








