সৌদি আরবের রাজধানী রিয়াদে হঠাৎ করেই সমস্ত স্কুল এক সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার অভিভাবকদের কাছে পাঠানো ই–মেইলে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। তবে এই নির্দেশনার পেছনে কোনো সুনির্দিষ্ট বা আনুষ্ঠানিক কারণ উল্লেখ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি এমন দুটি ই–মেইলের তথ্য নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনায় পুরো সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে। অবশ্য এই সময়ে অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। ওই ই–মেইলগুলোয় লেখা আছে, ‘সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এইমাত্র জানতে পেরেছি যে সপ্তাহজুড়েই স্কুলগুলো বন্ধ রাখতে হবে।’।
স্কুল বন্ধের এমন আকস্মিক সিদ্ধান্তে অভিভাবকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদে বসবাসরত এক অভিভাবক উদ্বেগ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের প্রভাব পুরো সপ্তাহের শিক্ষাকার্যক্রমের ওপর পড়বে। কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত গ্রহণের কারণ স্পষ্টভাবে অভিভাবকদের জানানো এবং এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা। রিয়াদে থাকা লেবাননের এক প্রবাসীও ক্ষোভ প্রকাশ করে জানান, এটি একদম শেষ মুহূর্তের সিদ্ধান্ত হওয়ায় পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
এই স্কুল ছুটির ঘোষণার মাত্র একদিন আগেই রিয়াদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট। ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা গত জুলাই মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে তাদের হামলা আরও জোরদার করেছে। কয়েক বছর ধরে বজায় থাকা যুদ্ধবিরতি ভেঙে জুলাই থেকে তারা নতুন করে আক্রমণ শুরু করায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
হুতিদের এই ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক এই সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, হুতিদের এমন বেপরোয়া হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ আহত হয়েছেন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং নিয়মিত বিরতিতে হুতিদের ড্রোন হামলার ঝুঁকির মধ্যেই রিয়াদে স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার এই সিদ্ধান্ত এল। তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
সূত্র: প্রথম আলো








