মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবনের সামনে মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
একই এলাকায় বিচারকের বাসভবনের সামনের মুক্তমঞ্চে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সমাবেশ রয়েছে। এই আয়োজনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশের আগে বিচারকের বাসভবনের সামনে এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: মানবজমিন








