ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের অংশ হিসেবে সরকারপন্থি বাহিনী হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ১ হাজার ১২২টি হামলা চালানোর দাবি করেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং বিভিন্ন কামানের অবস্থান।
বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান, সাদা, আল-জাওফ, তাইজ এবং উপকূলীয় অঞ্চলজুড়ে এসব হামলা চালানো হয়েছে। হামলায় যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। তার দাবি অনুযায়ী, এই সামরিক পদক্ষেপের ফলে প্রায় ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
তবে যুদ্ধক্ষেত্রের এই পরিসংখ্যান কিংবা দাবির সত্যতা নিরপেক্ষ কোনো উৎস থেকে যাচাই করা সম্ভব হয়নি। সরকারি বাহিনীর এই বড় ধরনের অভিযানের পর ক্ষয়ক্ষতির এই নতুন তথ্য সামনে এল।
সূত্র: দৈনিক আমার দেশ








