আঞ্চলিক যুদ্ধের পরিণতির হুঁশিয়ারি দিল কাতার

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা এবং নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতা ও পরোক্ষ আলোচনা এখনো অব্যাহত রয়েছে। মঙ্গলবার দোহায় অনুষ্ঠিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ এমন তথ্যই নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি। তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্যায়ভিত্তিক এই আলোচনা কখনোই পুরোপুরি থেমে যায়নি।

আলোচনার গোপনীয়তার ওপর জোর দিয়ে ড. মাজেদ বলেন, গণমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত খবর না আসাটাই প্রমাণ করে যে, মধ্যস্থতাকারীরা অত্যন্ত কার্যকরভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন। তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠলে তা পুরো অঞ্চলকে এক ধ্বংসাত্মক বৈশ্বিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এই সংঘাতের আঁচ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক শান্তিশৃঙ্খলাকেও বিঘ্নিত করার ক্ষমতা রাখে।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয়ে কাতার বরাবরের মতোই তাদের ভ্রাতৃপ্রতিম দেশ রিয়াদের পাশে রয়েছে বলে তিনি স্পষ্ট করেন। সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির যে কোনো পদক্ষেপে দোহা পূর্ণ সমর্থন দেবে বলেও তিনি ঘোষণা করেন। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আঞ্চলিক অস্থিরতাকে ব্যবহারের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন তিনি।

ড. মাজেদ আরও উল্লেখ করেন, অতীতে যুদ্ধবিরতির উদ্যোগগুলো স্থায়ী সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কারণেই নতুন করে সংঘাত মাথাচাড়া দিয়েছে। যে কোনো যুদ্ধবিরতি মূলত স্থায়ী শান্তির পথে একটি প্রাথমিক ধাপ হওয়া উচিত। তাই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে আঞ্চলিক সব সংকট একসঙ্গে নিরসন করার ওপর জোর দিয়েছেন তিনি।

শেয়ার করুন