ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

প্রকাশ:

ইরাকের সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহত্তম গ্যাসক্ষেত্র ‘খোর মোর’-এ রবিবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগলে সেখানে আগুন ধরে যায়। এ ঘটনার পরপরই নিরাপত্তা ঝুঁকি এড়াতে কেন্দ্রটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, হামলার পর গ্যাসক্ষেত্রটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি এড়াতে এবং কর্মীদের সুরক্ষার স্বার্থে তাদের দ্রুত স্থাপনার ভেতরের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, প্রাথমিক পর্যবেক্ষণে এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্যাসক্ষেত্র থেকে এই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হতো। বর্তমান পরিস্থিতিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ এই সংকটের প্রভাব কমিয়ে আনার জন্য জরুরিভাবে কাজ শুরু করেছে।

উল্লেখ্য, গত জুলাই মাসে নিরাপত্তা হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডানা গ্যাস’ এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু হয়। রবিবারের এই হামলার পর এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা পক্ষ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় কর্তৃপক্ষ পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

শেয়ার করুন