রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাইরুল আমিন ওরফে বলি আমিনকে (৪৫) আটক করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) গত শনিবার রাতে কক্সবাজার বিমানবন্দর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ডি/৪ ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, বলি আমিন ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উখিয়া, টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা, মাদক, অস্ত্র পাচার, মানবপাচার এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়া দস্যুতা ও মাদকসংক্রান্ত অপরাধে তার বিরুদ্ধে আদালতের তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে গ্রেপ্তারের সময় বলি আমিনের কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
সূত্র: দৈনিক আমার দেশ








